অনলাইন জুয়ার টাকা লুকাতে ‘ছিনতাই’ সাজালেন সুজন, রাজনগর পুলিশের তদন্তে ফাঁস

  • প্রকাশের সময় : ২৫/০৭/২০২৬ ০৬:১১:৫৭ AM

Share
1

অনলাইন জুয়ায় পরিবারের প্রায় এক লাখ টাকা হারিয়ে তা গোপন করতে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন এক সিএনজি অটোরিকশাচালক। তবে শেষ পর্যন্ত রাজনগর থানা পুলিশের তদন্তে তার সাজানো ঘটনা ধরা পড়ে।

পুলিশ জানায়, মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের হালদার গ্রামের বাসিন্দা সুজন মিয়া (২৬) গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে দাবি করেন, তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন।
ঘটনার পর বিষয়টি তদন্তে নামে রাজনগর থানা পুলিশ। তদন্তের একপর্যায়ে সুজনের বক্তব্যে অসঙ্গতি খুঁজে পান কর্মকর্তারা। তার চলাফেরা, ঘটনার বিবরণ এবং শরীরের আঘাতের ধরন নিয়ে পুলিশের সন্দেহ তৈরি হয়।

পরে স্থানীয় ব্যক্তি ও পরিচিতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সুজন দীর্ঘদিন ধরে অনলাইন বেটিংয়ে জড়িত ছিলেন। তার শরীরের ক্ষত ও পোশাক পরীক্ষা করেও পুলিশ নিশ্চিত হয়, কথিত ছিনতাইকারীর হামলার সঙ্গে আঘাতের ধরন মিলছে না।

জিজ্ঞাসাবাদে সুজন মিয়া স্বীকার করেন, অনলাইন জুয়া প্ল্যাটফর্ম 1xBet-এ পরিবারের প্রায় এক লাখ টাকা হারানোর পর বিষয়টি গোপন করতেই তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প তৈরি করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে নেইল কাটারের ছোট ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করেন তিনি। পরে পরিকল্পনা অনুযায়ী রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকেন। খবর পেয়ে এক বন্ধু তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাজনগর থানা পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে সাজানো ছিনতাইয়ের পুরো রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ একই সঙ্গে অনলাইন জুয়া ও বেটিংয়ের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে সবাইকে এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-২৫ ০৬:১১:৫৭