বাহুবলে দুই বাসের সং ঘ র্ষে চালক নি হ ত, আহত ২০

  • প্রকাশের সময় : ০৮/০৭/২০২৬ ১২:৩৩:৪২ PM

সংঘর্ষের পর একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

Share
7

হবিগঞ্জের বাহুবলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।


বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 


তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিলেট থেকে ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ‘লাকি পরিবহন’ এর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। অপরদিকে, লাকি পরিবহনের বাসটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।


ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। এ সময় লাকি পরিবহনের চালকসহ উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।


এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইউনিক পরিবহনের নিহত চালকের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত লাকি পরিবহনের বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিক ও লাকি পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। নিহত চালকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, আমরা পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-০৮ ১২:৩৩:৪২