‘চোরের দল’ বলায় মামলার পথে আর্জেন্টিনা

  • প্রকাশের সময় : ২৩/০৭/২০২৬ ১১:৫৬:২৩ AM

Share
4

বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ও তাদের খেলোয়াড়দের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে অসংখ্য অভিযোগ ও কটূক্তি।


কখনো লিওনেল মেসিদের চোরের দল বলা হয়েছে, কখনো দাবি করা হয়েছে ফিফা ও রেফারিদের সহায়তায় তাদের ফাইনালে তোলা হয়েছে। এসব অপপ্রচারের জবাব এবার আদালতে দেওয়ার কথা ভাবছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।


আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো জানিয়েছে, বিশ্বকাপে জাতীয় দল ও খেলোয়াড়দের লক্ষ্য করে চালানো কথিত অপপ্রচারের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এএফএ। সম্ভাব্য মানহানির মামলার জন্য প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের কাজও শুরু করেছেন সংস্থাটির আইনজীবীরা।


বিশ্বকাপজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে ঘিরে নানা ধরনের অভিযোগ ছড়িয়ে পড়ে। কিছু পোস্টে দলটিকে ফিফার পছন্দের দল হিসেবে উল্লেখ করা হয়। আবার কোনো কোনো পক্ষ দাবি করে, মেসিকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে আর্জেন্টিনাকে রেফারিদের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে আর্জেন্টিনাকে চোরের দল আখ্যা দেওয়ার পাশাপাশি তাদের আগের বিশ্বকাপ জয় নিয়েও প্রশ্ন তোলা হয়। ছড়িয়ে দেওয়া হয় ম্যাচের ভিডিওর নির্বাচিত অংশ, সম্পাদিত ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কিছু ভুয়া দৃশ্য। অনেক ক্ষেত্রেই সেসব ছবি ও ভিডিওকে সত্য ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ এএফএর ঘনিষ্ঠদের।


আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষের মতে, সমালোচনা ও মানহানির সীমা অতিক্রম করেছে এসব প্রচার। মাঠের পারফরম্যান্স কিংবা রেফারির সিদ্ধান্ত নিয়ে মত প্রকাশকে তারা আইনি পদক্ষেপের আওতায় আনতে চাইছে না। বরং মিথ্যা অভিযোগ, বিকৃত ছবি, যাচাইহীন ভিডিও এবং প্রমাণ ছাড়া দুর্নীতির সঙ্গে খেলোয়াড়দের যুক্ত করার মতো বিষয়গুলো নিয়েই ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে এএফএ।


প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির আইনজীবীরা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ভিডিও, ছবি ও স্ক্রিনশট সংগ্রহ করছেন। সম্ভাব্য মামলার লক্ষ্য হতে পারে সংবাদমাধ্যম, প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং বিভিন্ন অনলাইন পেজ। এমনকি কম অনুসারী থাকা ব্যক্তিগত অ্যাকাউন্টও আইনি ব্যবস্থার আওতায় আসতে পারে, যদি সেখান থেকে মানহানিকর তথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া যায়।


বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচের পর এই প্রচার আরও জোরালো হয়। রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের পাশাপাশি ফিফা ইচ্ছাকৃতভাবে মেসিদের এগিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। অন্যদিকে আর্জেন্টিনা শিবিরের দাবি ছিল, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের প্রতিটি ঘটনা নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে।


স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। তবে মাঠের পরাজয়ের পরও দলটিকে ঘিরে বিতর্ক থামেনি। ফাইনালের পর খেলোয়াড়দের সংঘর্ষ ও আচরণ নিয়ে সমালোচনার সঙ্গে বিভিন্ন অপ্রমাণিত তথ্যও ছড়িয়ে পড়ে।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২০২৬-০৭-২৩ ১১:৫৬:২৩