প্রতিবাদ-বিক্ষোভে দ্রুত তদন্তের দাবি

জৈন্তাপুরে সুইট ফারুককে ঘিরে চোরাচালান, হামলার অভিযোগে উত্তাল জনমত

  • প্রকাশের সময় : ২৯/০৬/২০২৬ ০৬:০৬:৫৭ PM

Share
6

সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজার ও ৮ নম্বর বাংলাবাজার এলাকায় কথিত চোরাচালান, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এক শ্রমিকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।এসব অভিযোগে স্থানীয় যুবদল নেতা ফারুক আহমদ (সুইট ফারুক)-এর নাম বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে এলাকায় বিক্ষোভ, মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।


স্থানীয় সূত্রের দাবি, সীমান্তবর্তী এ অঞ্চলে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন পণ্য ও মাদক দেশে প্রবেশ করছে। তাদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।এদিকে, সম্প্রতি ৮ নম্বর বাংলাবাজার এলাকায় এক শ্রমিকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। আহত শ্রমিকের অভিযোগ, হামলার পর ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সুইট ফারুকের নাম বাদ দিয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।লিখিত অভিযোগে মারধর, হত্যাচেষ্টা, নগদ অর্থ ছিনিয়ে নেওয়া এবং ব্যক্তিগত মালামাল লুটের বিষয়ও উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।বিক্ষোভকারীরা অবৈধ চোরাচালান ও মাদক ব্যবসা বন্ধ, হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানান।অভিযোগ রয়েছে, গরু, মহিষসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান এবং ‘বুঙ্গার লাইনম্যান’ হিসেবে পরিচিত জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ (সুইট ফারুক)-এর নেতৃত্বে সংঘটিত হামলার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য হেলাল খান আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয়দের অভিযোগ, ফারুক আহমদ ওরফে সুইট ফারুক অতীতে বিভিন্ন চোরাচালান মামলার আসামি ছিলেন।

এছাড়া হরিপুর বাজারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের একটি মামলারও প্রধান আসামি হিসেবে তার নাম রয়েছে। অতীতেও তার বিরুদ্ধে একাধিক চোরাচালান-সংক্রান্ত অভিযোগ উঠেছিল বলে স্থানীয়রা দাবি করেন।


স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। তারা দ্রুত প্রশাসনিক অভিযান পরিচালনা এবং কথিত সুইট ফারুক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও সহিংসতার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি। তাদের মতে, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হলে এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

এ বিষয়ে বক্তব্য জানতে ফারুক আহমদ (সুইট ফারুক)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-২৯ ১৮:০৬:৫৭