সিলেটের সদ্য প্রত্যাহৃত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে স্বপদে ফিরিয়ে আনার দাবিতে উত্তাল হয়ে উঠেছে সিলেট। এই প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘ত্রুটিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তাঁকে অতিসত্বর সিলেটে পুনর্বহালের দাবিতে শনিবার (২৭ জুন) বিকেল ২ ঘটিকার সময় ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে ‘ঐক্যবদ্ধ সিলেটবাসী’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রেজাউল করিম জালালির সভাপতিত্বে এবং সিলেট ফাউন্ডেশনের সভাপতি এইচ এম কিউ মইনুল আশরাফের সঞ্চালনায় মানববন্ধনে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জনপ্রিয় ও দুর্নীতিবিরোধী জেলা প্রশাসক সারওয়ার আলমের এই আকস্মিক প্রত্যাহারের বিষয়ে গোটা সিলেটের সাধারণ মানুষের ন্যায় দেশ-বিদেশের ও প্রবাসে থাকা সিলেটের সর্বস্তরের মানুষ আজ চরমভাবে বিক্ষুব্ধ ও মর্মাহত। তিনি সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুট বন্ধসহ মাজারের দানবাক্সে স্বচ্ছতা আনার যে সাহসী উদ্যোগ নিয়েছিলেন, তা প্রশংসার দাবিদার।
বক্তারা আরও উল্লেখ করেন, সুলতানুল আউলিয়া অলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর নামানুসারে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ হওয়ায় সারা দুনিয়ায় তিনি সমাদৃত ও সম্মানিত। কিন্তু সিলেটের এই পবিত্র মাজারের সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার চেষ্টা করায় একটি মহলের ইশারায় জেলা প্রশাসককে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে।" এ সময় নেতৃবৃন্দ বর্তমান মাজার পরিচালনা কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন এবং একে সম্পূর্ণ ‘প্রশ্নবিদ্ধ’ বলে অভিহিত করেন।
সমাবেশ থেকে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আন্দোলনকারীরা বলেন, সিলেটে সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন বজায় রাখতে অবিলম্বে জনাব সারোয়ার আলমকে জেলা প্রশাসক হিসেবে স্বপদে ফিরিয়ে আনতে হবে। অন্যথায়, ঐতিহ্যগতভাবে আপসহীন ও ঐক্যবদ্ধ সিলেটবাসী আগামীতে রাজপথে আরও তীব্র আন্দোলন ও ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
উক্ত গণ-মানববন্ধনে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের, ইউনাইটেড সিলেটের সভাপতি মেহরাব মুমিন ও সাধারণ সম্পাদক শহিদুল হক আজিম, ঐক্যবদ্ধ সিলেটবাসীর নেতা রফিকুল ইসলাম ফেনু, ড. মোস্তাক হোসেন, মাওলানা আব্দুস সালাম মাদানী, মাওলানা রইস উদ্দিন, আব্দুর শহিদ খান এবং ফয়সাল আহমদ ইব্রাহিম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



















