সিলেটের দক্ষিণ সুরমায় মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা এবং অবৈধ তীর জুয়ার আসরের মূল চালিকাশক্তি, কুখ্যাত ‘তীর সম্রাট’ অন্তর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডের ভার্থখলা এলাকার ‘কুমিল্লা পট্টি’ নামক কলোনিতে টানা ২ ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে খাঁচায় বন্দি করা হয়।
স্থানীয় সূত্র জানা যায়, ভার্থখলার কুমিল্লা পট্টি কলোনিটিকে নিজের একক নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল অন্তর আলী। সেখানে সে গড়ে তুলেছিল এক বিশাল অপরাধের অভয়ারণ্য। মাদক কেনাবেচা থেকে শুরু করে নিষিদ্ধ তীর জুয়ার বোর্ড সবকিছুই চলতো তার ইশারায়। শুধু কুমিল্লা পট্টিই নয়, দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী পুরান পুলের নিচের অংশসহ আশেপাশের পুরো এলাকা ছিল তার গ্যাংয়ের পকেটে। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেত না।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার কুমিল্লা পট্টি কলোনিটি চারপাশ থেকে ঘিরে ফেলে। অপরাধী অত্যন্ত চতুর হওয়ায় সুনির্দিষ্ট ছক কষে শুরু হয় সাঁড়াশি অভিযান। দীর্ঘ ২ ঘণ্টা পুরো এলাকা তল্লাশি করার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ে এই কুখ্যাত মাদক সম্রাট।
অন্তর আলীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ সুরমা ও ভার্থখলা এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। অনেকেই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন। স্থানীয়দের দাবি, অন্তর আলীকে গ্রেফতারের মাধ্যমে যে স্বস্তি ফিরে এসেছে, তা যেন বজায় থাকে এবং তার পুরো সিন্ডিকেটকে যেন চিরতরে নির্মূল করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরণের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















