শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলছে শনিবার, থাকছে প্রকাশ্য গণনা

  • প্রকাশের সময় : ০৯/০৭/২০২৬ ০৩:৩৯:৩২ AM

Share
7

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা ফের প্রকাশ্যে গণনা করা হবে আগামী শনিবার (১১ জুলাই)। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির ব্যবস্থাপনায় এ গণনা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দানের টাকা গণনা করা হবে। এ বিষয়ে প্রস্তুতি নিতে বৃহস্পতিবার বিকাল ৪টায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২২ জুন প্রায় ৭০০ বছরের প্রচলিত রীতি ভেঙে প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের ঐতিহাসিক দানের ডেক ও দানবাক্স খোলা হয়। ওই দিন গণনা শেষে পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, যা একটি নির্ধারিত Sonali Bank PLC অ্যাকাউন্টে জমা রাখা হয়।
এর আগে মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে উদ্যোগ নেন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম। তার উদ্যোগের অংশ হিসেবে গত ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয় এবং পুরোনো তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়।

এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। কেউ প্রশাসনের উদ্যোগকে স্বচ্ছতার পদক্ষেপ হিসেবে দেখেন, আবার কেউ মাজার ব্যবস্থাপনায় প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। পরে সরকার সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেয়। তবে সংশ্লিষ্টরা এটিকে নিয়মিত প্রশাসনিক বদলি বলে উল্লেখ করেন।

পরবর্তীতে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। কমিটিতে সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় প্রশাসন, জেলা পরিষদ, আইনশৃঙ্খলা বাহিনী, মাজারের মোতাওয়াল্লি পরিবার এবং মসজিদ-মাদ্রাসার প্রতিনিধিরা রয়েছেন।

নতুন কমিটির তত্ত্বাবধানে এবার দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্স গণনা হতে যাচ্ছে। গণনাকৃত অর্থও নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে বলে জানা গেছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-০৯ ০৩:৩৯:৩২