সিলেট থেকে জাফলং যাবে ট্রেন

  • প্রকাশের সময় : ০২/০৭/২০২৬ ১১:০৯:০৪ AM

Share
8

সিলেটের অন্যতম প্রধান পর্যটন ও বাণিজ্য অঞ্চল গোয়াইনঘাটের জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেটে এসে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শুরু করবেন।


বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের ঐতিহ্যবাহী ‘ফল উৎসব’ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে এই যুগান্তকারী তথ্য জানান স্থানীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সিলেটে আসবেন।


তিনি আরও উল্লেখ করেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত পণ্যবাহী ওয়াগন চালু করা গেলে জাফলং-সিলেট রুটে অত্যন্ত সহজে এবং নামমাত্র খরচে পাথরসহ বিভিন্ন কাঁচামাল ও পণ্য আনা-নেওয়া করা যাবে। এর পাশাপাশি পর্যটক ও সাধারণ যাত্রীরাও খুব সহজে এবং নিরাপদ উপায়ে যাতায়াত করতে পারবেন, যা সিলেটের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।


ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজের ধীরগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “মূলত ভূমি অধিগ্রহণের আইনি ও টেকনিক্যাল সমস্যার কারণে এই মহাসড়কের কাজ আটকে ছিল। সার্ভেয়ার সংকটের কারণে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। সম্প্রতি আমি ব্যক্তিগতভাবে ভূমি মন্ত্রীর সাথে কথা বলে সিলেটে জরুরি ভিত্তিতে ৬ জন সার্ভেয়ার নিয়োগের ব্যবস্থা করেছি। ফলে এখন আর সার্ভেয়ারের সংকট বা অন্য কোনো অজুহাত দেওয়া যাবে না। আশা করছি, দ্রুতই ভূমি অধিগ্রহণ শেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ পুরোদমে শুরু করা সম্ভব হবে।


সিলেটের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, জৈন্তা, গোয়াইনঘাট অথবা কোম্পানীগঞ্জের যেকোনো একটি উপযুক্ত ও সুবিধাজনক স্থানে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ব্যাপারে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। এই হাসপাতালটি নির্মিত হলে পুরো সিলেটবাসী উন্নত চিকিৎসাসেবা পাবেন।


এছাড়া জাফলং, রাতারগুল ও বিছনাকান্দিসহ সিলেটের প্রধান পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের সুবিধার্থে আধুনিক ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে এবং তা দ্রুত শেষ হবে বলে তিনি জানান। একই সাথে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিদ্যমান শিক্ষক সংকট দূর করতেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।


সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—ক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও আল আজাদ, সিনিয়র সহ-সভাপতি জামান মনির এবং জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী প্রমুখ। অনুষ্ঠানে সিলেটের গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-০২ ১১:০৯:০৪