তফসিলের আগেই জমছে ভোটের আলোচনা; এনসিপির প্রার্থী আব্দুর রহমান আফজাল

সিসিক নির্বাচন: মেয়র পদে বিএনপির একাধিক মুখ, জামায়াতে চলছে প্রার্থী বাছাই

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৬ ০৫:২৬:৪০ PM

Share
8

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন ঘিরে নগর রাজনীতিতে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে সরব হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—তিন দলের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে চলছে আলোচনা।

জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে সিসিক নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে আলোচনা শুরু হয়। এরই মধ্যে সিসিকে প্রশাসক নিয়োগের পর নির্বাচনী সমীকরণেও যোগ হয়েছে নতুন মাত্রা। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বর্তমানে সিসিক প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

সিসিক নির্বাচনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীসহ কয়েকজন নেতা রয়েছেন আলোচনায়।

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, ফয়েজ আহমদ দৌলত এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।

তবে প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর আব্দুল কাইয়ুম চৌধুরীকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দলীয় সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে শেষ পর্যন্ত কে পাচ্ছেন মনোনয়ন।

বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে, সিসিক নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং নগরবাসীর গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীও সিসিক মেয়র প্রার্থী নির্বাচন নিয়ে সাংগঠনিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে কয়েকজন নেতার নাম নিয়ে আলোচনা চলছে।

আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন—সিলেট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লোকমান আহমদ।

তবে প্রার্থী নির্বাচনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে। কেন্দ্রীয় কমিটির পর্যালোচনা ও সিদ্ধান্তের পর বিষয়টি স্পষ্ট হবে।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, প্রার্থী নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মতামত পর্যালোচনা করা হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটিই নেবে।

এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক আব্দুর রহমান আফজালের নাম ঘোষণা করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন সিসিক নির্বাচনে প্রার্থী বাছাই রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। নগরবাসীর গ্রহণযোগ্যতা, সাংগঠনিক শক্তি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই দলগুলো প্রার্থী চূড়ান্ত করবে।

তবে নির্বাচন কমিশন এখনো সিসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। ফলে আলোচনায় থাকা নামগুলো আপাতত সম্ভাব্য প্রার্থী হিসেবেই বিবেচিত হচ্ছে।

সিলেট নগর রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন—বিএনপি ও জামায়াতে শেষ পর্যন্ত কে পাচ্ছেন মেয়র পদে মনোনয়নের সুযোগ। আগামী দিনের রাজনৈতিক তৎপরতাই দেবে সেই প্রশ্নের উত্তর।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-১২ ১৭:২৬:৪০