যে কারনে মাজার কমিটিতে আরিফকে রাখা হয়নি, যা বললেন মুক্তাদির

  • প্রকাশের সময় : ২৯/০৬/২০২৬ ০৩:০৮:২৩ AM

Share
9

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে শুক্রবার ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।

তবে এই কমিটিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নাম না থাকা নিয়ে সমালোচনা দেখা দেয়। 

এ বিষয়ে (২৭ জুন ) শনিবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরকে। মুক্তাদিরের দাবিতে, মাজার ব্যবস্থাপনার কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে রাখা হয়নি। প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্যমন্ত্রী। এরপর সাংবাদিকরা বলেন, মাজারের স্বচ্ছতার জন্য গঠিত কমিটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বিশেষত প্রবাসীকল্যান মন্ত্রীকে না রাখা নিয়ে প্রশ্ন ওঠেছে। এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কমিটি যেভাবে হয়েছে, এখানে রাজনৈতিক পরিচয়ে কাউকে রাখা হয়নি, যেমন সিটি করপোরেশনের প্রশাসক মহোদয়, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়, জেলা পরিষরেদর প্রশাসক মহোদয়, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিসিসহ সংশ্লিস্টরা রয়েছে। তাদের সাথে সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে আমি আছি।

খন্দকার মুক্তাদির বলেন, ত্রিশ দিনের সময় দেওয়া হয়েছে কমিটিকে। কীভাবে এই দান-দক্ষিণার ব্যবস্থাপনা হবে তার একটি প্রক্রিয়া খুঁজে বের করবে এই কমিটি।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-২৯ ০৩:০৮:২৩