সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গত শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ করেই বাজারের একটি দোকানে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার শফিকুল ইসলাম জানান, রাত ৩টা ২০ মিনিটে খবর পেয়ে ৩টা ৪০ মিনিটে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে টিনশেডের কাঁচাপাকা মার্কেটের দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা ধরা হলেও, মালিকদের দাবি—প্রকৃত ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি।
ক্ষতিগ্রস্ত স্থাপনার মালিক মো. মাসুক মিয়া জানান, আগুনে শুধু মালামালই পুড়েনি, পুরো ভবনের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়ালগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় ভবনটি ভেঙে নতুন করে নির্মাণ করতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন হবে।
এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক বিপ্লব কুমার দেবনাথসহ অন্য ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও সরঞ্জামসহ আনুমানিক ২২ লাখ টাকার পণ্য পুড়ে গেছে। সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকায় দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সবাই মধ্যবিত্ত পরিবারের সদস্য। অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে এবং দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে এই ছোট ছোট ব্যবসা গড়ে তুলেছিলেন। উপার্জনের একমাত্র মাধ্যমটি হারিয়ে পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
শনিবার ফেঞ্চুগঞ্জে সরকারি হাসপাতাল পরিদর্শনে এসে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। তিনি ক্ষতিগ্রস্তদের সাথে সরাসরি দেখা করতে না পারলেও, আর্থিকভাবে অসচ্ছল ব্যবসায়ীদের সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
অসহায় পরিবারগুলোর জীবিকা রক্ষার্থে এবং ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকার, জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সিলেটপ্রেস প্রতিবেদক



















