সিলেটে টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ‘হানিট্র্যাপ’-এর মাধ্যমে ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ। এ সময় ছিনতাইকৃত একটি আইফোন XS Max মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১০ জুলাই অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোশাররফ হোসেন, এসআই দীপংকর তালুকদার ও সঙ্গীয় ফোর্স সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে তাসিন হোসেন আবির (১৮) ও জাবেদ আহমেদ (২০) নামে দুইজনকে গ্রেফতার করে। তারা দুজনই সিলেটের মোগলাবাজার থানার বাসিন্দা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রের এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের আরিফ উর রহমান (২১)-এর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ৪ জুলাই গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে সাক্ষাতের পর ওই নারী ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে মোগলাবাজার থানার দাউদপুর তুরুকখলা এলাকায় পৌঁছে দিতে বলেন।
রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে নারী সদস্যসহ গ্রেফতার হওয়া দুই আসামি এবং তাদের আরও এক সহযোগী চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করে তার ব্যবহৃত Suzuki Gixxer মোটরসাইকেল ও iPhone XS Max মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মোগলাবাজার থানায় পেনাল কোড, ১৮৬০-এর ৩৯৪ ধারায় মামলা (নং-০৫, তারিখ: ১০ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার এবং চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক:



















